মেজর (অব.) সিনহা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যের তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণ শুরুর দিনে তিন জনের সাক্ষ্য ও জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তৃতীয় দফার প্রথম দিন গতকাল সোমবার চার জন সাক্ষীর মধ্যে মো. আব্দুল হাকিম, ফিরোজ মাহমুদ, শওকত আলীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ সাক্ষ্যগ্রহণ করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, মামলার তৃতীয় দফার সাক্ষ্য চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল প্রথম দিন চার সাক্ষী হাজিরা দিলেও তাদের মধ্যে তিন জনের সাক্ষ্য সম্পন্ন হয়। বাকি রয়েছে সার্জেন্ট মো. আয়ুব আলী। অন্য দিনের মতো সোমবার সকাল পৌনে ১০টার দিকে মামলার আসামি সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ১৫ আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়।
পিপি অ্যাডভোকেট ফরিদ বলেন, আমাদের প্রচেষ্টা সব সাক্ষীর সাক্ষ্য ও জেরা দ্রুত সম্পন্ন করার। তবে আসামিপক্ষের আইনজীবীগণের অসহযোগিতায় সেটা সম্ভব হয় না। তারা সাক্ষীকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সময় নষ্ট করেন। কিন্তু বিচার কার্যের সপ্তম দিনে স্বল্প সময়ে জবানবন্দি ও জেরা শেষ হওয়ায় তৃতীয় দফার ধার্য দিনেও আসামিপক্ষের আইনজীবীগণ আদালতকে এভাবে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।
