আজ ২১ সেপ্টেম্বর, বিশ্ব আলঝেইমার দিবস। এ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৪ সালের ২১ সেপ্টেম্বর ইংল্যান্ডের এডিনবরা একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত হয়, ২১ সেপ্টেম্বর বিশ্ব আলঝেইমার দিবস পালিত হবে। সেই থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। ২০১২ সাল থেকে পুরো সেপ্টেম্বর মাসটি আলঝেইমার সচেতনতা মাস হিসেবে ঘোষিত হয়েছে।
বিশেষজ্ঞরা জানান, ভুলে যাওয়া এক ধরনের রোগ। অনেকেরই এ রোগে ভুগে থাকেন। ‘সম্প্রতি কথাবার্তা, ঘটনা, ভুলে যাওয়া বা স্মৃতি থেকে মুছে যাওয়া। চেনা পথ ভুলে যাওয়া। সময়মতো পরিচিত ব্যক্তির নাম মনে করতে না পারা, কথা বলার সময় ঠিক শব্দ খুঁজে না পাওয়া। ঘরের তালাটা লাগিয়েছি কিনা তা ভুলে যাওয়া। চশমাটা এইমাত্র কোথায় রেখেছেন, তা ভুলে যাওয়া’—এই ভুলে যাওয়া বা স্মৃতিভ্রষ্ট হওয়াকে বলে ডিমেনশিয়া। আর ডিমেনশিয়া আলঝেইমারের এক নম্বর কারণ।
সারা বিশ্বে প্রতি সেকেন্ডে ৬৮ জন লোক এ রোগে আক্রান্ত হন। আলঝেইমার আক্রান্ত মানুষের মস্তিষ্কের মধ্যে প্রোটিন জমে এমন কিছু বাধা তৈরি হয়, যাতে স্নায়ুকোষগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ নষ্ট হয়ে যায়। কিছু রাসায়নিক যা স্নায়ুকোষের মধ্যে যোগাযোগ রাখতে সাহায্য করে তারও ঘাটতি দেখা যায়। ক্রমশ সমস্যা বাড়তে থাকে। অনেকেই এই রোগকে তেমন পাত্তা দেন না। বিষয়টিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি। শুধু চিকিত্সায় এই রোগ সারানো যায় না, তবে এর অগ্রগতি কিছুটা কমিয়ে দেওয়া যায় বলে জানান বিশেষজ্ঞরা।
