সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনাকে ভীতিপ্রদর্শনের আরো একটি নতুন মাত্রা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, কর্তৃত্ববাদী সরকার সারা দেশে দমন-নিপীড়ন চালাচ্ছে, তা থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিকদের বিভিন্ন উপায়ে টুঁটি চেপে ধরার পর এখন জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউ-এর সভাপতি ও সাধারণ সম্পাদকদের ব্যাংক হিসাব তলবের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টির এটি আরো একটি নতুন কৌশল—যা উদ্দেশ্যমূলক।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বর্তমান সরকার শুধু বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও বিরুদ্ধ মতবাদের নাগরিকদের ওপরই জুলুম-নির্যাতন চালাচ্ছে না, তারা গণমাধ্যমের সাংবাদিকদেরও সত্য প্রকাশের কারণে নির্যাতন শুরু করেছে। ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনা সেটিরই বহিঃপ্রকাশ। ভয়াবহ দুঃশাসনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিকরাও সরকারি জুলুম-নির্যাতনে জর্জরিত। সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে, দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভয় ও আতঙ্ক দূর করে সত্য প্রকাশে দেশের বিবেক তথা গণমাধ্যম ও গণমাধ্যমের কর্মীদের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।
