এবার বাণিজ্য মেলায় ভ্যাট আদায় ৭ কোটি টাকা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে ৭ কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে। ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ জানিয়েছেন, স্টল থেকে সংগৃহীত ভ্যাটের চালান যাচাই করে দেখা যায়, মোট ভ্যাট সংগ্রহের পরিমাণ দাঁডিয়েছে ৭ কোটি ১ লাখ। যা লক্ষ্যমাত্রার চেয়ে এক কোটি টাকা বেশি। মেলার শেষ দিন ৯ ফেব্রুয়ারি ভ্যাট আদায় হয়েছে প্রায় এক কোটি টাকা। হাতিল ও ওয়ালটনসহ ১০টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাধারণত মেলার অন্যান্য দিনে গড়ে ১০ থেকে ১২ লাখ টাকার ভ্যাট আদায় হয়েছে। মেলায় অংশ নেওয়া অধিকাংশ পণ্যে ৫% ব্যবসায়িক ভ্যাট প্রযোজ্য। আইন অনুসারে প্রতিটি পণ্য ও সেবা ক্রয়ের সময় ভ্যাট চালান ইস্যু করা বাধ্যতামূলক।

ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্য মেলায় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ১০টি প্রতিষ্ঠান হলো— হাতিল কমপ্লেক্স লিমিটেড ৯৯ লাখ ৪৪ হাজার টাকা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪২ লাখ ১২ হাজার টাকা, স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ৩৪ লাখ ৯০ হাজার টাকা, র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ২৭ লাখ ৪২ হাজার টাকা, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড ২৩ লাখ ১০ হাজার টাকা, আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড ২১ লাখ ৫৯ হাজার টাকা, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ১৮ লাখ ৮৫ হাজার টাকা, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড ১৭ লাখ ২১ হাজার টাকা, নাভানা ফার্নিচার লিমিটেড ১৬ লাখ ৫২ হাজার টাকা, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৫ লাখ ৮৬ হাজার টাকা।