রাশিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রের নির্বিচারে গুলি, নিহত ৬

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৯

রাশিয়ার পার্ম শহরে একটি বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারী গুলি করে ছয় ব্যক্তিকে হত্যা করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে এই সংখ্যা আট বলে জানানো হয়েছিল। পরে জানানো হয়, গুলির ঘটনায় ছয় জন মারা গেছে এবং আহত হয়েছে ২০ জনের বেশি। হামলাকারী গতকাল সোমবার সকালে ক্যাম্পাসে পায়ে হেঁটে ঢোকে এবং গুলি চালাতে শুরু করে। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। তাকে আটকও করা হয়েছে। খবর বিবিসির

শিক্ষক ও শিক্ষার্থীরা সে সময় বিশ্ববিদ্যালয় ভবনের ভেতরে প্রতিবন্ধকতা তুলে বাঁচার চেষ্টা করে। অন্যদের দেখা যায় প্রাণভয়ে জানালা দিয়ে ঝাঁপ দিতে। পুলিশ হামলাকারীকে আহত করে তাকে আটক করে। হামলাকারী একজন ছাত্র বলে জানা গেছে। ঘটনাটি ঘটে উরাল অঞ্চলের পার্ম স্টেট ইউনিভার্সিটিতে স্থানীয় সময় গতকাল সোমবার বেলা ১১টায়। বিশ্ববিদ্যালয়টি মস্কোর প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পূর্ব দিকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভবনের জানালা দিয়ে তাদের জিনিসপত্র ছুড়ে ফেলে হামলাকারীর হাত থেকে বাঁচতে নিজেরা জানালা দিয়ে লাফিয়ে পড়ছে। কোনো কোনো খবরে বলা হয়, বন্দুকধারী সামাজিক মাধ্যমে লিখেছে, সে একাই এই হামলা চালিয়েছে এবং এর পেছনে তার কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য ছিল না।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইভান পেচিশচেফ বলেন, “শিক্ষার্থীরা ভয়ে দোতলার জানালা থেকে লাফ দিচ্ছিল এবং চিত্কার করছিল। একজন ছাত্র আমাকে বলে ‘গুলি চলছে’। আমি গুলির আওয়াজ শুনতে পাই। সবাই যে যেদিকে পারে ছুটতে শুরু করে। আমি দ্বিতীয় ভবনে আমার ক্লাসের দিকে যাই। যেতে যেতে সমানে গুলির শব্দ শুনছিলাম।” অধ্যাপক পেচিশচেফ বলেন, ‘পার্ম ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রায় ১০টি ভবন আছে। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে সব ভবন এবং ভবনগুলোতে যাওয়ার সব প্যাসেজ বন্ধ করে দেয়।’ পার্ম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বার্তা দেওয়া হয় যে, যেসব শিক্ষার্থী ভবনের ভেতরে আছে, তারা যেন ক্লাসরুমের ভেতরে থাকে। ক্লাসরুমে প্রায় ৬০ জন ছিল। আমরা ক্লাসরুমের দরজা বন্ধ করে দিই এবং দরজার সামনে চেয়ার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান ছাত্র সেমিয়ন কারিয়াকিন। এ বছর আরো আগের দিকে রাশিয়ার কেন্দ্রে কাজান শহরের একটি পুরোনো স্কুলে ১৯ বছর বয়সি এক বন্দুকধারী গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করেছিল।