কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৯

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন। রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গত রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এতে প্রতিদ্বন্দ্বী তিন জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির (এরশাদ) লুত্ফর রেজা খোকন ও ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে একমাত্র প্রার্থী হিসেবে রয়ে যান আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্ত। এ অবস্থায় একক প্রার্থী হিসেবে ডা. প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়, যা চলতি সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রাণ গোপাল দত্ত ১৯৫৩ সালের ১ অক্টোবর চান্দিনা উপজেলার              মহিচাইল গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি ও আমেরিকা থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন তিনি। ২০০৯ সাল থেকে দুই মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে চিকিত্সাসেবায় বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক লাভ করেন।

প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, তিনি ব্যক্তিগতভাবে একজন চিকিত্সক ও শিক্ষক। তাই তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবদান রাখার চেষ্টা করবেন। এছাড়া চান্দিনাকে সব ক্ষেত্রে একটি উন্নয়নের মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই চান্দিনা আসন থেকে পাঁচ বার নির্বাচিত আওয়ামী লীগ দলীয় এমপি অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোটের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনি তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।