সাভারে রাতের আঁধারে এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রবিবার রাতে সাভার মডেল থানায় সুগন্ধা হাউজিং কোম্পানির মালিকসহ আট জনের বিরুদ্ধে মামলা করেছেন জমির মালিক কার্তিক চন্দ্র সরকার।
মামলার আসামিরা হচ্ছেন, সুগন্ধা হাউজিং কোম্পানির মালিক জাহাঙ্গীর আলম ও তার ভাই জাকির হোসেন, হাউজিং কোম্পানিটির ম্যানেজার মো. সেলিম, মো. আলী, নাজিম উদ্দিন, রাজা মিয়া, মো. শিহাব, মিজানসহ অজ্ঞাতনামা আরো কয়েক জন। তবে পুলিশ এখরনা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে সাভারের হিন্দু ভাকুর্তা এলাকার কার্তিক চন্দ্র সরকারের জমি দখলের চেষ্টা করে আসছে স্থানীয় সুগন্ধা হাউজিং কোম্পানি। গত শনিবার রাতে হাউজিং কোম্পানির লোকজন দুটি ট্রাকযোগে এসে কার্তিক চন্দ্র সরকারের জমি দখলের চেষ্টা চালায়। সন্ত্রাসীরা জমির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে, বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে এবং টিনশেড বসতবাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়, মালামাল লুটপাট করে। এ সময় বাদীর পুত্র রুদ্র সরকার ও ভাতিজা রাতুল সরকারকে তারা মারধর করে।
মামলার বাদী কার্তিক চন্দ্র সরকার বলেন, দীর্ঘদিন ধরেই সুগন্ধা হাউজিং তাদের পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা চালাচ্ছে। মামলা করার পরও তারা পুনরায় হামলার ভয়ে আতঙ্কে রয়েছেন।
অভিযোগ অস্বীকার করে সুগন্ধা হাউজিং কোম্পানির মালিক জাহাঙ্গীর আলম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে বাদীপক্ষ নিজেরাই হামলার ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা করেছে।
সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
