ফতুল্লায় দুই ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ফতুল্লার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আলেক মিয়া (৬৫) ও বিকালে জামতলা ধোপাপট্টি এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহবুব সাদেকিন (৪৭) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য তাদের লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে আলেক মিয়া ৮/৯ বছর যাবত্ মানসিক ভারসাম্যহীন হয়ে অসুস্থ অবস্থায় পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন, যেখানে সেখানে ঘুমিয়ে থাকতেন। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঐ পুলিশ কর্মকর্তা বলেন, বিকালে ফতুল্লার ৬৯ নম্বর নিউ চাষাঢ়া দক্ষিণ জামতলা ধোপাপট্টি এলাকায় নিজ বাসায় তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মাহবুব সাদেকিন ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। পরিবারের দেওয়া সংবাদের ভিত্তিতে দরজা ভেঙে পচন ধরা লাশ উদ্ধার করা হয়েছে।