সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব অপ্রত্যাশিত : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

সাংাদিকদের প্রতিনিধিত্বশীল কয়েকটি সংগঠনের শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের চিঠি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সোমবার বিকালে সচিবালয়ে ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের নেতৃত্বে বিএফইউজে ও ডিইউজের বর্তমান ও সাবেক নেতাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব প্রসঙ্গে নিজেদের উদ্বেগের কথা জানালে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল প্রমুখ।

সাংবাদিক নেতাদের বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনাদের সঙ্গে একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে ঘটেছে। আমি জানতাম না, তথ্যমন্ত্রীও বোধহয় জানতেন না কিছু। আপনারা যখন আমাকে জানিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলাপ করেছি। তিনিও আপনাদের মতো একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উত্পত্তি কোথায় সেটাও দেখছি। আমার মনে হয়, একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি চিঠিটা এভাবে দেওয়া উচিত হয়নি। তিনি আরো বলেন, আমরা বিষয়টি আরেকটু দেখে নেই। কোথা থেকে কীভাবে, কী হয়েছে দেখে ব্যবস্থা নেব। অবশ্যই আপনাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। সেই জায়গাটায় কিছু করতে না পারলেও পরবর্তীকালে এমনটা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখব।