দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ২৬ জনের মৃত্যু হয়েছে, যা গত চার মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ২৭ মে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ২২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারপর থেকে দৈনিক মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। এক পর্যায়ে দৈনিক মৃত্যু ২০০ এর ঘর ছাড়িয়ে যায়। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে।
গত এক দিনে মারা যাওয়া ২৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হলো ২৭ হাজার ২৫১ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১ হাজার ৫৫৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনে। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৬৭ শতাংশ হয়েছে, যা আগের দিন ৫ দশমিক ৬২ শতাংশ ছিল। শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ১০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৮০০টি আর পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৩১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট ৯৪ লাখ ৬৫ হাজার ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৮৬ হাজার ৩১৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ৭৮ হাজার ৭৭২টি। এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।
