আফগানিস্তান থেকে আসা বিপুল হেরোইন ভারতে জব্দ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:২১

আফগানিস্তান থেকে আসা তিন টনের মতো হেরোইন (বাজার মূল্য ২৭০ কোটি মার্কিন ডলার) ভারতের পশ্চিমাঞ্চলের একটি বন্দর থেকে জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় দুই ভারতীয় পাচারকারীকে। পাউডারের কনটেইনারে লুকিয়ে আনা হয় এসব মাদক। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। গুজরাটের মান্দ্রা বন্দরে কনটেইনারের মধ্যে এসব মাদক খুঁজে পায় ভারতের রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই)। চালানের একটি কনটেইনারে প্রায় ২ হাজার কেজি এবং আরেকটিতে প্রায় ১ হাজার কেজি হেরোইন রাখা ছিল। আফগানিস্তান থেকে আসা এসব মাদক প্রথম ইরানে পাঠানো হয়। সেখান থেকে গুজরাটে এসেছে বলে জানিয়েছে ডিআরআই। ডিআরআই আরো জানিয়েছে, মাদক পাচারের ঘটনার সঙ্গে এক আফগান নাগরিকের সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিশ্বে সবচেয়ে হেরোইন উত্পাদন হয় আফগানিস্তানে এবং বিভিন্ন দেশে সরবরাহ হয় ৮০ থেকে ৯০ শতাংশ। হেরোইনের এ চালান রবিবার জব্দ করা হয়।