ঘিওর ও আড়াইহাজারে সাত ব্যবসায়ীসহ ১০ জনকে জরিমানা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ইত্তেফাক ডেস্ক

মানিকগঞ্জের ঘিওর এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত ব্যবসায়ীসহ ১০ ব্যক্তিকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ঘিওরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাবের নেতৃত্বে অভিযানের সময় সাত ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

চালে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার অপরাধে উপজেলার তেরশ্রী বাজারের  ব্যবসায়ী রমেশ ঘোষ ও তাপস ঘোষকে ৫ হাজার টাকা করে, ঘিওর বাজারের আব্দুল আজিজকে ২ হাজার, সাইদুল ইসলামকে ৩ হাজার, মানিক ঝাঁকে ৮ হাজার, শেখ হারুনকে ৬ হাজার ও বাবুল চৌহানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অন্য প্রতিষ্ঠানসমূহকে প্লাস্টিক ব্যবহার বন্ধ ও নিষিদ্ধ করতে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত চালাকালে উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা কল্পনা আক্তার, উপজেলা স্যানেটারি কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা সার্ভেয়ার মো. শহিদুল ইসলাম, ঘিওর থানার এসআই মো. রাসেল প্রমুখ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা সদরে সরকারি সফর আলী কলেজের সামনে গতকাল বিকালে তিন জনকে বিভিন্নভাবে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ ও ১৮৬০ সালের দণ্ডবিধি আইনে মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় আড়াইহাজার গ্রামের বাতেনের ছেলে দীন ইসলামকে ৫০০ টাকা ও মতিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমানকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তাছাড়াও মাস্ক ব্যবহার না করায় বালিয়াপাড়ার আরিফ হোসেন নামে এক জনকে ১০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।