কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোলের বিভিন্ন হাটবাজারে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। যারা এসব বিক্রি করছে তাদের নেই বিস্ফোরক লাইসেন্স কিংবা অগ্নিনির্বাপক ব্যবস্থাও। নিয়ম অনুযায়ী এলপি গ্যাস ব্যবহার, বিপণন ও বাজারজাত করতে হলে ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্যবসায়ীর বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বাধ্যতামূলক সংরক্ষণের কথা থাকলেও কেউ নিয়ম মানছে না। কাহারোল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফজলুল করিম জানান, লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির নিয়ম নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান বলেন, যারা নিয়ম বহির্ভূতভাবে এ ব্যবসা করেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
