পাংশায় ভাঙন আতঙ্কে পদ্মাপারের কৃষক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা

উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকার পাঁচটি গ্রামের আখ খেত নদী ভাঙনের কবলে পড়েছে। শুধু আখ খেতই নয় বসতভিটাও এখন নদী ভাঙনের হুমকিতে। সম্প্রতি নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমায় ভাঙন কবলে পড়ে এসব ফসলি জমি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পদ্মাপারের কৃষকেরা।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, পদ্মা নদীর তীরবর্তী এলাকায় এবার আখের ভালো ফলন হয়েছে। এতে লাভবান হওয়ার স্বপ্ন দেখেছিল কৃষকেরা। সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে নদী ভাঙনে। ইতোমধ্যে নদীর তীব্র সে াতে বাহাদুরপুর ইউনিয়নের বালুঘাট এলাকায় প্রায় চার হেক্টর জমির আখের ফসল নদীতে বিলীন হয়ে গেছে।

কৃষক জসিম উদ্দিন বলেন, এবার আখের ভালো ফলন হয়েছিল। কিন্তু নদীর পানি কমায় ভাঙন শুরু হওয়ায় এই ফসল ঘরে তুলতে পারবো কিনা জানি না। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, নদীর তীরবর্তী দুটি ইউনিয়নে ৫৫ হেক্টর আখ ও সাড়ে ১০ হেক্টর আমন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু আখের জমি নদীতে বিলীন হয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো হুমকির মুখে রয়েছে বাকি ফসলি জমিগুলো।

এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, ভাঙনের বিষয়ে স্থানীয় কোনো প্রতিনিধি এখনো আমাকে অবহিত করেননি। খোঁজ নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।