সোনাতলায় বন্যায় ৭২ হেক্টর জমির ফসলের ¬ক্ষয়ক্ষতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

এবারের বন্যায় বগুড়ার সোনাতলায় ৭২ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় যমুনা, বাঙালী নদী ও বিভিন্ন এলাকার খালবিলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তেকানী চুকাই নগর, পাকুল্লা, মধুপুর, সোনাতলা সদর, জোড়গাছা, দিগদাইড়, বালুয়া ও সোনাতলা পৌরসভার ৮১ হেক্টর জমির রোপা আমন, রোপা আমন বীজতলা, পাট ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানি কমে যাওয়ার পর ৭৩৫ জন কৃষকের ৭২ হেক্টর জমির ৮৮ লাখ ৪৮ হাজার টাকার ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ।  তেকানী চুকাই নগরের কৃষক আতাউর রহমান, ছানোয়ারসহ কয়েক জন জানান, বন্যায় নিম্ন এলাকায় লাগানো রোপা আমন ছাড়াও অন্যান্য ফসল নষ্ট হয়েছে। বন্যা এলেই আমাদের এমন ক্ষয়ক্ষতি হয়ে থাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ বলেন, কৃষকদের এ ক্ষয়ক্ষতি পুষিয়ে তুলতে সরকার যদি আমাদের হাতে কৃষি প্রণোদনা দেয় সে ক্ষেত্রে আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা দিতে পারব।