নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
নান্দাইলে হাওরে নিয়ে ইয়াসমিন আক্তার নামের এক গৃহবধূকে শিশুকন্যার সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পলাতক সাদ্দাম হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঐ গৃহবধূর খুনের ঘটনায় তার ভাই বকুল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামি মো. সাদ্দাম হোসেন নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে। এর আগে গত শনিবার রাতে নান্দাইল-মদনপুর এলাকার যুগের হাওরের নির্জন স্থান থেকে গৃহবধূ ইয়াসমিন আক্তারের (৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পাশে থাকা তার তিন বছরের মেয়ে ফাতেমার কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন লাশের সন্ধান পায়। তারপর খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
