নীলফামারীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

নীলফামারী প্রতিনিধি

আগুনের ছ্যাঁকায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালত। মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এই রায় দেন। মামলায় অন্য ছয় আসামিকে বেকসুর খালাশ দিয়েছে আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের খতিবর রহমানের মেয়ে সুমি আকতারকে ভালোবেসে বিয়ে করেন আলমগীর। বিয়েতে সুমির বাবা দেড় লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর অটো কেনার জন্য ১ লাখ টাকা জামাতা আলমগীরকে দেন। যৌতুকের বাকি ৫০ হাজার টাকার জন্য স্ত্রী সুমিকে প্রায়ই মারধর করতো স্বামী আলমগীর, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের লোকজন। ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর রাতে সুমিকে মারধর করে শরীরে আগুনের ছ্যাঁকা দিয়ে হত্যা করা হয়।