পাকিস্তানে ‘বি’ টিম পাঠাতে চেয়েছিল বিসিবি!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

গভীর সংকটেই পড়ে গেছে পাকিস্তান। আকস্মিকভাবে সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। তারপর ইংল্যান্ডও রাজ্যের হতাশায় পুড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। অক্টোবরে ইংল্যান্ড পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন দুঃসময়ে পাকিস্তানের পাশে দাঁড়াতে চেয়েছিল বিসিবি। এমনটাই দাবি করেছেন পিসিবির সভাপতি রমিজ রাজা।

পাকিস্তানের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে দ্বিতীয় সারির তথা বাংলাদেশের ‘বি’ টিম পাঠাতে নাকি সম্মত হয়েছিল বিসিবি। শ্রীলঙ্কা, জিম্বাবুয়েও নাকি আসতে চেয়েছিল পাকিস্তানে। সময়ের স্বল্পতার কারণে এসবে আর পা বাড়ায়নি পিসিবি।

রমিজ রাজা দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের মাটিতে টানা দুটি সিরিজ বাতিল হলো। প্রচন্ড হতাশা পিসিবি সভাপতি বেশ চাপেও আছেন। গতকাল এক ভিডিও বার্তায় পশ্চিমা দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভিডিও বার্তায় রমিজ রাজা বলেছেন, ‘আমাদের এই সময়ে অনেকে পাশে দাঁড়াতে চেয়েছে। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা আসতে চেয়েছে। বাংলাদেশ তাদের ‘বি’ টিম পাঠাতে চেয়েছে। তবে আমরা আর অযথা ঝামেলা চাইনি তাই তাদের মানা করেছি।’

যদিও গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য অনুযায়ী পিসিবির প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ।