১৫ দফা দাবিতে ট্রাক কাভার্ড ভ্যান পরিষদের ধর্মঘট চলছে দেশ জুড়ে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:১৭

১৫ দফা দাবিতে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দেশব্যাপী ধর্মঘট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত।

কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মুকবুল আহমেদ বলেন, ‘এটা মালিক ও শ্রমিকদের যৌথ কর্মসূচি। আমাদের দাবি মেনে নিলেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করব। আর সরকার দাবি না মানলে পরে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ১৫ দফা দাবির মধ্যে রয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স কার্যক্রম চালু করতে হবে।’ 

ট্রাকচালক আনোয়ার হোসেন বলেন, ‘আমি তিন বছর হেলপারি (চালকের সহকারী) করেছি, ২৭ বছর ধরে গাড়ি চালাই। কিন্তু সরকারের কাছে আমি একজন অযোগ্য ড্রাইভার। আমরা গাড়ি চালিয়ে জীবন চালাই। বাংলাদেশ রোড  ট্রান্সপোর্ট  অথরিটিতে (বিআরটিএ) সব সময় যাওয়া সম্ভব নয়। তাই কারো না কারো মাধ্যমে আমাদের লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। বিআরটিএতে দালাল ছাড়া আমাদের কোনো মূল্যই নেই।’