কুষ্টিয়ায় সাবরেজিস্ট্রার হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:২১

কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে চার আসামির ফাঁসি ও অপর এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ  দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে  কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায়  দেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন—শহরের পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা ও কুষ্টিয়া সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারী সাইদুল ইসলাম (৩৭), খোকসা উপজেলার মাঠপাড়া গ্রামের ফারুক হোসেন (৩৮), শহরের হাউজিং এলাকার কামাল শেখ (৪০) ও কুমারখালী উপজেলার বানিয়াপাড়া এলাকার মশিউল আলম (৪০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন কুষ্টিয়া সাবরেজিস্ট্রি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী মনোয়ার হোসেন ডাবলু (৩৮)।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত ১১টার দিকে কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রি অফিসের দুই কর্মচারী সাইদুল ও ডাবলুর পূর্বপরিকল্পনায় আসামিরা পরস্পর যোগসাজশে শহরের বাবর আলী রেলগেট সংলগ্ন আড়ুয়াপাড়া এলাকার তিনতলাবিশিষ্ট ভাড়া বাড়িতে প্রবেশ করে এবং কুষ্টিয়া সদর সাবরেজিস্ট্রার    নূর মোহাম্মদ শাহর (৫০) হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্রের উপর্যুপরি কোপ ও জবাই করে পৈশাচিকভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়। ঘটনার পর নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ আসামিকে গ্রেফতার  করে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার  করে পুলিশের কাছে জবানবন্দি দেয়। এছাড়া ধৃতদের স্বীকারোক্তি মতে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি ও রশিসহ অন্যান্য আলামত পুলিশ জব্দ করে।