লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:২১

জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে অপেক্ষা করার সময় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

জেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপু ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম বাবরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সালাহ উদ্দিন টিপু ও নুরুল আজিম বাবরও আহত হয়েছেন। সালাহ উদ্দিন টিপু লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক এলাকার বাগবাড়ী ও জেলেপল্লি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র         করে শহর জুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছিল। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

হাসপাতালে চিকিত্সাধীন বাবর বলেন, জেলা যুবলীগের সভাপতি টিপু ও সাধারণ সম্পাদক নোমান তার কর্মী-সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকেসহ তার ১০ জন সমর্থককে মারধর করা হয়।

জেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দলীয় সমর্থকদের ভেতরে বিএনপি-জামায়াত ঢুকে পড়ে বিশৃঙ্খলা করতে চাইলে আমরা সিনিয়ররা তা চিহ্নিত করতে গেলে বাবরের সঙ্গে আমার বাদানুবাদ হয়। কাউকে মারধর করা হয়নি।’