দ্বিতীয় দফা সিরিজ বৈঠকে নেতৃবৃন্দ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০১:০৪

গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলার নেতারা বলেছেন,নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করা যাবে না। এজন্য কোন রাজনৈতিক ফাঁদেও পড়া যাবে না।

আমরা আন্দোলনের জন্য প্রস্তুত আছি। দল থেকে যখনই আন্দোলনের ডাক দেয়া হবে তখনই ঝাঁপিয়ে পড়বো। কিন্তু সেই আন্দোলনের আগে দলকে আরো অনেক প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে, দলের বিভিন্ন অঙ্গসংগঠনকে ঢেলে সাজাতে হবে। ত্যাগী ও যোগ্যদের দিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটি গঠন করতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তত্পরতা বাড়াতে হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলার নেতাদের সাথে বিএনপির শীর্ষ নেতাদের এক বৈঠকে তারা এসব পরামর্শ দেন।

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত তিন দিনের ধারাবাহিক বৈঠকের প্রথম দিন ঢাকা ও ফরিদপুর বিভাগের দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও এই দুই বিভাগের জেলা বিএনপির সভাপতিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪ টা থেকে অনুষ্ঠিত এ সভায় দুই বিভাগের ১২৬ জন নেতার মধ্যে এদিন ৭৮ জন উপস্থিত ছিলেন।এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি অংশ নেন। মূল মঞ্চে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু।