অযৌক্তিক জরিমানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫

অযৌক্তিকভাবে জরিমানায় হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আর জরিমানার টাকা আদায়ে দেরি হওয়ায় মালিক ও কর্মচারীদের যেতে হচ্ছে জেলে। গতকাল রাজধানীর বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। যেখানে জরিমানার মুখে পড়তে হয় হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের। রামপুরার আল কাদেরিয়া হোটেলে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এত টাকা তাত্ক্ষণিকভাবে দিতে না পারায় হোটেলের ম্যানেজার শফিকুল ইসলাম রনিকে জেলে পাঠানো হয়। আল কাদেরিয়া রেস্টুরেন্টের মালিক ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রথম যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন এসব অভিযোগ করেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক ইত্তেফাককে বলেন, বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ আইন-২০১৪ অনুযায়ী ৩০ আসনের বেশি কোনো হোটেল-রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবে না। লাইসেন্স না থাকলে ২ লাখ টাকা এবং অনাদায়ে ছয় মাস পর্যন্ত জেল হতে পারে। সে অনুযায়ী আল-কাদেরিয়া হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ম্যানেজারকে আদালতে সোপর্দ করা হয়েছে। জরিমানা আদায় হলেই তাকে মুক্তি দেওয়া হবে।