নারীদের পণ্য বাজারজাত করতে ই-জয়িতার উদ্বোধন

অনলাইন ব্যবসার ৮০ ভাগ পরিচালনা করছে নারী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:১৫

 ‘নারীদের ক্ষমতায়িত করতে তৈরি হয়েছে জয়িতা ফাউন্ডেশন। দেশের ৬৪ জেলার নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করতে গতকাল ই-জয়িতার উদ্বোধন করা হয়। বর্তমানে দেশের অনলাইন ব্যবসার ৮০ ভাগই পরিচালনা করছে নারী। দেশের নারী উদ্যোক্তাদের জন্য সাত বিভাগীয় শহরে তৈরি হবে জয়িতা ফাউন্ডেশনের ভবন।’ গতকাল মঙ্গলবার রাজধানী ধানমন্ডির রাপা প্লাজায় নারী উদ্যোক্তাদের অনলাইন মার্কেট প্লেস ‘ই-জয়িতা’ প্ল্যাটফরমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, কোভিড মহামারিতে অনলাইন ব্যবসার ব্যাপক প্রসার হয়েছে। নারীদের পণ্য এবার অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে। সারা দেশের ২০ লাখ ৩ হাজার ১৮৯ জন অনলাইন উদ্যোক্তার ৮০ শতাংশই নারী। তিনি ঘোষণা দেন যে, দেশের সাত বিভাগেই হবে জয়িতা ফাউন্ডেশনের ভবন।

অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব মো. সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, ই-কর্মাস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন। অনুষ্ঠানে শতাধিক নারী উদ্যোক্তা অনলাইনে ও অফলাইনে যুক্ত ছিলেন।                

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতার উদ্বোধন করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জয়িতার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।