রাজধানীর সবুজবাগে ভবন থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম শওকত হোসেন (৩৫)। গতকাল মঙ্গলবার সকালে মধ্য বাসাবো নাভানা টাওয়ারে এ ঘটনা ঘটে। শওকত হোসেন বেসিক ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন। পরিবারের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তাদের দাবি শওকত মানসিক রোগী ছিলেন, তার চিকিত্সা চলছিল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় পথচারীরা মঙ্গলবার সকালে নাভানা টাওয়ারের ৯ তলা ভবনের নিচ থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শওকতের বড় বোন সুলতানা জানান, ৯ তলা টাওয়ারের পঞ্চম তলায় থাকতেন শওকত। মঙ্গলবার সকালে টিফিন নিয়ে তিনি কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর তার মৃত্যুর খবর পান তারা। তিনি আরো বলেন, শওকত মানসিক রোগী ছিলেন, তার চিকিত্সা চলছিল। আমরা ধারণা করছি আত্মহত্যা করেছেন।
