দেশে ১৯৭ দিন পর নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ৪ দশমিক ৬৯ শতাংশ। এর আগে সর্বশেষ শনাক্তের হার পাঁচের নিচে ছিল গত ৮ মার্চ। সেদিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ। আর মঙ্গলবারের চেয়ে কম শনাক্তের হার ছিল সর্বশেষ গত ৭ মার্চ। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে কোভিডে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। তাদের মধ্যে ২৭ হাজার ২৭৭ জনের মৃত্যু ঘটিয়েছে করোনা ভাইরাস। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫৫ জন নতুন রোগী শনাক্ত এবং ২৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সেই হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা সামান্য বেড়েছে, মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৩২ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের ৬৬ শতাংশের বেশি। সরকারি হিসাবে গত এক দিনে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৬০৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের তিন জন, রাজশাহী বিভাগের তিন জন, খুলনা বিভাগের দুই জন, সিলেট বিভাগের এক জন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন এক জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ১৬ জন ছিলেন পুরুষ, ১০ জন নারী। ২১ জন সরকারি হাসপাতালে এবং চার জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এক জনের মৃত্যু হয়েছে বাড়িতে চিকিত্সাধীন অবস্থায়।
