সিরাজদিখানে চার মোটরসাইকেলসহ ৩ চোরাকারবারি আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬

মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৩ চোরাকারবারিকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। এসময় চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) সিরাজদিখান থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সেই মোটরসাইকেল উদ্ধারের জন্য সিরাজদিখান থানার উপ-পরিদর্শক ইমরান খান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমতলা সুখের ঠিকানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ শেখ (১৮) নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করে। নাহিদ উপজেলার আবিরপাড়া গ্রামের রবিন শেখের ছেলে। পরে নাহিদের দেওয়া তথ্য মতে, ঢাকার গেন্ডারিয়া থেকে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকার বিজয় চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী(১৯) এবং ঢাকার মীরপুর শাআলী থানা এলাকা থেকে গফুর মিয়ার ছেলে মো.জহিরুল ইসলামকে(৩৫) ২টি মোটরসাইকেলসহ আটক করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, তারা ৩ জনই মোটরসাইকেল চোরাকারবারি। দীর্ঘদিন যাবৎ চুরির পেশায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর