সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলন্বনে ‘গাঙচিল’ ছবির শ্যুটিং করতে এসে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহীর নদীরঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। গতকাল রবিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ছবির শ্যুটিং করতে মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা ও ফেরদৌস। রাস্তায় স্লিপ কেটে তাদের মোটরসাইকেল উল্টে যায়। এতে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় একটি হাসপাতালে তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। তারা ভালো আছেন। আজ সোমবার ফের ছবির শ্যুটিং করবেন তারা।
গত বুধবার থেকে ওবায়দুল কাদেরের নিজ এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার এলাহি ইউনিয়নে ‘গাঙচিল’-এর শ্যুটিং শুরু হয়। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চলবে শ্যুটিং। এ ছবিতে চিত্রনায়ক ফেরদৌস সাংবাদিকের চরিত্রে ও নায়িকা পূর্ণিমা এনজিওকর্মী হিসেবে অভিনয় করছেন। চলচ্চিত্রটি নির্মাণ করছেন খ্যাতিমান নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মসের প্রযোজনায় ‘গাঙচিল’ ছবিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান এবং বিশেষ চরিত্রে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা ।
