শুরু হচ্ছে বাপ্পী-মিতুর ‘জয় বাংলা’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯

 বিনোদন রিপোর্ট

 

প্রথমবারের মতো জুটি হিসেবে পর্দায় আসছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও চিত্রনায়িকা জাহারা মিতু। গুণী নির্মাতা কাজী হায়াতের সরকারি অনুদান প্রাপ্ত ‘জয় বাংলা’ ছবিতে দেখা যাবে তাদের। কাজী হায়াতের নির্দেশনায় এটাই তাদের প্রথম সিনেমা হতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজী হায়াত্।  মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এই ছবিটিতে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে। ছবিটিতে অভিনয় প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘কাজী হায়াত্ আঙ্কেলের জয় বাংলা সিনেমাটি আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন হতে যাচ্ছে। প্রথমবারের মতো তার নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। জয় বাংলা বাঙালির কাছে অতিপরিচিত শ্লোগান। এখন থেকে মনে করবো জয় বাংলা মানেই আমার ছবি!’ জাহারা মিতু বলেন, ‘এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র করে সিনেমাটি করতে পারা সৌভাগ্যের বিষয়। সে কারণে যখনই সিনেমাটির প্রস্তাব পাই, একবাক্য হ্যাঁ বলি। তাছাড়া কাজী হায়াত্ আমার ভীষণ পছন্দের নির্মাতা। কয়েকদিন গল্প নিয়ে বসেছি, তিনি আমাকে খুব পছন্দ করেছেন। দোয়া করেছেন। আশা করছি, আমাদের কাজটিও চমত্কারভাবে শেষ হবে।’