চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রাম থানা পুলিশ নিজ থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় গত ৪৮ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, জিআর সাজা এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সোমবার ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ৮৫ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করে। এছাড়া জিআর, সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আরো ২০ আসামিকে গ্রেফতার করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত এবং মাদকসহ গ্রেফতারকৃত ২৫ আসামিকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
