ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় শরীয়তপুরের ভেদরগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। উত্পাদন খরচ কম, স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় বাণিজ্যিকভাবে মাল্টা চাষের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন চাষিরা।
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনু সরকার কান্দি গ্রামে প্রথম মাল্টা চাষ করেন সালাউদ্দিন মোল্লা বলেন, চারা রোপণের এক বছরের মধ্যে লেবু ও দুই বছরের মধ্যে মাল্টা ফলন শুরু হয়। তার দেখাদেখি এলাকার অনেক বেকার যুবক মাল্টা-লেবু বাগান করে বেকারত্ব দূর করছেন। তিনি নিজেও গ্রাফটিং করে চারা উত্পাদন করেন। মাহফুজুর রহমান খান, ইয়াছিন মোল্লা ও কবির ঢালী বলেন, বাজার থেকে মাল্টা কিনে খেয়েছি। তার তুলনায় এখানকার নতুন বাগানে চাষ করা মাল্টার স্বাদ বেশ ভালো এবং মিষ্টি। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম জানান, সালাউদ্দিন মোল্লাকে মাল্টা বাগানের জন্য পরীক্ষামূলক কিছু চারা প্রদান করা হয়। তার উত্পাদিত মাল্টা আকারে বড় ও মিষ্টি। তাছাড়া তিনি লেবু চাষেও বেশ সফল। এ এলাকার কৃষকদের মাল্টা চাষে পরামর্শ দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
