ত্রিশাল ও বিরামপুরে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

ইত্তেফাক ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ত্রিশালে দুই জন ও বিরামপুরে এক জনের মৃত্যু হয়েছে।

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ত্রিশালে গতকাল বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলার বইলর-কালীর বাজার সড়কে প্রাইভেট কার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সৈয়দ আলী (৫৫) মারা যান এবং যাত্রী আতিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় আতিকুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দনি জনান, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। নিহত ভ্যানচালক সৈয়দ আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, বিরামপুর উপজেলার একইর গ্রামে জমি চাষের মেসি গাড়ি উলটে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে একইর এলাকায় খাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পানিতে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক মাহবুবুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গাড়ির মালিক আহত মামুনুর রশিদকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে এবং স্বজনেরা লাশ নিয়ে গেছেন।