মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দায় এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে বাড়ি ফেরার পথে আবারও অসুস্থ হয়ে মারা যান তিনি। মৃত সবজি বিক্রেতার নাম নুর ইসলাম (৬১)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। দেলুয়াবাড়ি বাজারের সবজি পট্টিতে তার দোকান রয়েছে। মৃতের মেয়ে নাদিরা খাতুন জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বাবা নুর ইসলামের অ্যাসিডিটি বেড়ে পেটের ব্যথা শুরু হয়। এ সময় বাজারের দোকান থেকে ওষুধ কিনে খান। অ্যাসিডিটির পরিমাণ আরো বাড়লে তাকে মান্দা হাসপাতালে নিয়ে চিকিত্সা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছার পর আবারও অসুস্থ হয়ে মারা যান তিনি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
