ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা যাত্রী পরিবহনে ক্রুজ শিপ ট্যুরের ব্যবসা শুরু করতে যাচ্ছে। এজন্য প্রাথমিকভাবে দুটি ক্রুজ শিপ কেনা হবে। গতকাল বুধবার কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রুজ শিপ দিয়ে খুলনা-সুন্দরবন-খুলনা নৌ রুটে যাত্রীদের জন্য ট্যুর প্যাকেজ পরিচালনায় ব্যবহার করা হবে। এজন্য প্রাথমিকভাবে প্রায় সাড়ে ৮ কোটি টাকা দিয়ে দুটি ক্রুজ শিপ কেনা হবে। সী পার্লের এই নতুন ব্যবসা আগামী মাস অক্টোবর থেকে শুরু হবে।
গত মাসে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তথ্য মতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে।
