মুস্তাফিজের প্রশংসায় কিংবদন্তিরা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৮

স্পোর্টস ডেস্ক

অবিশ্বাস্য এক জয় দিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করল রাজস্থান রয়্যালস। কার্তিক তিয়াগীর শেষ ওভারের জাদুতে পাঞ্জাব কিংসকে ২ রানে হারায় তারা। তবে ম্যাচটিকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়ার পুরো অবদান  মুস্তাফিজুর রহমানের। ম্যাচে উইকেটহীন থাকলেও চাপের মুখে বাংলাদেশি এই পেসারের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের প্রশংসায় মুখরিত ক্রিকেটপ্রেমীরা।

১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে অসাধারণ শুরু পায় পাঞ্জাব। তাতে জয়ের পথটাও খুব মসৃণ হয়ে যায়। শেষ দিকে ১২ বলে প্রয়োজন হয় ৮ রানের। তখনই খেলার মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজ। আগের ৩ ওভারে ২৬ রান দেওয়া এই বাঁহাতি ১৯তম ওভারে দেন মাত্র ৪ রান।

আর শেষ ওভারে ২ রান দিয়ে ও ২ উইকেট তুলে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন কার্তিক তিয়াগী। তবে তাই বলে মুস্তাফিজের অবদানকে এড়িয়ে যাননি কেউ। ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটহীন থাকলেও কিংবদন্তি প্রোটিয়া পেসার শন পোলকের কাছে মুস্তাফিজই ম্যাচের এক্স ফ্যাক্টর। তিনি বলেন, ‘এই খেলায় আপনি একজন এক্স ফ্যাক্টর খুঁজে পাবেন। আমার কাছে সেই এক্স ফ্যাক্টর হচ্ছেন ফিজ। আপনি ১৯তম ওভারের কথা ধরতে পারেন। তারা অনেক বড় ঝুঁকি নিতে চায়নি। তারা ম্যাচটি ঠান্ডা মাথায় শেষ করতে চেয়েছে। এসব ক্ষেত্রে মুস্তাফিজদের মতো বোলাররা অনেক কাজে আসে।’

আইপিএলে যাওয়ার আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ছন্দে ছিলেন মুস্তাফিজ। তার ধারাবাহিকতা দেখে সেই পুরোনো মুস্তাফিজের সুবাস পাচ্ছেন হার্শা ভোগলে। যেই মুস্তাফিজের কাটার, স্লোয়ার ও ইয়র্কারের ‘জবাব’ খুঁজে পেতেন না ব্যাটাররা। টুইটারে প্রখ্যাত এই ধারাভাষ্যকার লেখেন, ‘রাজস্থানের দিক থেকে, জ্যায়সোয়ালের ফর্ম এবং লুইস ও লিভিংস্টোন যেভাবে শুরু পেল তা তাদের জন্য বাড়তি কিছু। একই সঙ্গে মিডল অর্ডারে লোমররের দুর্দান্ত হিটিংও, যা এখন পর্যন্ত উদ্বেগের কারণ ছিল। এবং ফিজকে মনে হচ্ছে, সে তার সেরা ফর্মের খুবই কাছে আছে।’

সচরাচর দেখা যায় মুস্তাফিজের দুটো ওভার রেখে দেওয়া স্লগ ওভারে। তবে বাকি বোলাররা বেধড়ক মার খাওয়ার পরও মুস্তাফিজকে মাঝপথে না আনায় ধারাভাষ্যকক্ষে সমালোচিত হয়েছিলেন সাঞ্জু স্যামসন। কিন্তু শেষ ওভারের নাটকীয়তা দেখিয়ে দিল নিজের জায়গায় সঠিকই ছিলেন রাজস্থান অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা জানি যে, আমাদের স্পেশাল কিছু বোলার আছে। মুস্তাফিজের ওভারগুলো আমরা শেষের জন্য রেখেছিলাম। তিয়াগী তার ইয়র্কার নিয়ে বেশ আত্মবিশ্বাসী। বিশেষ করে ওয়াইড লাইনের ইয়র্কার নিয়ে। নতুন ব্যাটসম্যানদের বিপক্ষে তারা দারুণভাবে কার্যকর করতে পেরেছে। আমরা লড়ে যাব এবং বিশ্বাস রেখে যাব। আমার বোলারদের প্রতি সব সময়ই আমার বিশ্বাস ছিল।’