বরখাস্ত হওয়ার খুব কাছে কোম্যান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। চলতি মৌসুমে ৫ ম্যাচ খেলে দুটিতে জয়, দুটিতে ড্র ও একটিতে হার। বায়ার্নের বিপক্ষে হার সইলেও  গ্রানাডা ও বিলবাওয়ের বিপক্ষে ড্র কোনোভাবেই মানতে পারছে না বার্সা ভক্তরা। এমন  বাজে পারফরম্যান্সে তাই চাপ বাড়ছে কোচ রোনাল্ড কোম্যানের। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে, তাকে বরখাস্ত করার খুব কাছে চলে গেছে বার্সা বোর্ড। আজ কাদিজের বিপক্ষে ম্যাচে কোনো অঘটন ঘটলেই হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলবে তারা।

এর আগে অবশ্য একটি বিতর্কের জন্ম দিয়েছেন কোম্যান। গতকাল সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান বার্সা কোচ। নিজের হাতে আনা একটি বিবৃতি পড়ে শুনিয়েই সম্মেলন কক্ষ ছেড়ে যান তিনি। বিবৃতিতে কোম্যান জানান, ‘পুনর্গঠনের এই সময়ে ক্লাব আমার পাশে আছে। ক্লাবের আর্থিক পরিস্থিতি ক্রীড়া কার্যক্রম ও এর বিপরীতে সংযুক্ত। তার মানে, বড় কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই দল হিসেবে আমাদের পুনর্গঠিত হতে হবে। এজন্য সময় দরকার।’