উজবেকিস্তান থেকেই সাবিনাদের বিদায়

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সাবিনা খাতুনদের বাংলাদেশ। উজবেকিস্তান থেকে এখন ঢাকায় ফেরার পালা বাংলাদেশ নারী ফুটবল দলের। ২০২২ সালে ভারতে এশিয়ান কাপ নারী ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। সেই বাছাইয়ের খেলা বিভিন্ন দেশে হচ্ছে। ‘জি’ গ্রুপের খেলা উজবেকিস্তানে হলো। সেখানে বাংলাদেশ গ্রুপ পর্বের দুই ম্যাচেই হারল। গতকাল উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ০-৫ গোলে ইরানের কাছে হেরেছে। প্রথমার্ধ ছিল ৩-০। ১৯ সেপ্টেম্বর একই মাঠে প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশের নারী ফুটবল দল। উজবেকিস্তান যাওয়ার আগে কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে ২-১ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ছিল।