একজন স্বাধীনতাকামী মানুষ এবং মহান মুক্তিযুদ্ধে সংঘটিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’। এটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। সম্প্রতি শুরু হয়েছে ছবিটির দৃশ্যধারণ। এ নিয়ে লিখেছেন ফয়জুল আল আমীন
১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে ফ্রান্সের প্যারিসের আর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান ছিনতাই করে ফরাসি এক তরুণ। নাম জ্যাঁ কুয়ে। আজ থেকে প্রায় ৫০ বছর আগে পাকিস্তানের সেই বিমান ছিনতাই করে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বন্ধুতে পরিণত হন। বিমানটি ছিনতাই করার একটাই উদ্দেশ্য ছিল— পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্যে ২০ টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। কারণ, পূর্ব পাকিস্তানের যুদ্ধাহত মানুষদের বাঁচাতে চিকিত্সাসেবা প্রয়োজন।
এমন একজন স্বাধীনতাকামী মানুষ ও সত্যি ঘটনা অবলম্বনে বাংলাদেশে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’। এটি নির্মাণ করছেন ‘ভুবন মাঝি’ ও ‘গণ্ডি’ নির্মাতা ফাখরুল আরেফীন খান। ১৮ সেপ্টেম্বর থেকে পশ্চিমবাংলার পৈলান স্টুডিওতে ছবির দৃশ্যধারণ শুরু হয়েছে।
ছবির প্রথম দিনের দৃশ্যধারণে অংশ নেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি। নির্মাতা সূত্রে জানা গেছে, এখানেই টানা ১৫ দিন ছবিটির চিত্রায়ণ হবে। ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও ছবিটিতে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী ও ইন্দ্রনীলসহ আরও প্রায় ৩৬ জন। জানা গেছে, ছবির দৃশ্যধারণ শুরুর আগে বেশ কয়েকদিন টানা মহড়ায় অংশ নেন ছবির কলাকুশলীরা। কলকাতা থেকে মুঠোফোনে ফাখরুল আরেফীন খান বলেন, ‘১৯৭১ সালের ১৩ ডিসেম্বর প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যাঁ কুয়ে পাকিস্তানের পিআইএ-৭১১ বিমানটি যাত্রীসহ ছিনতাই করেছিলেন। সেদিন কুয়ে কেমন করে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করলেন; কী ঘটেছিল বিমানের ভেতরে—পুরো বিষয়টি আমরা পর্দায় তুলে আনতে চাই। আর সেই লক্ষেই আমরা কাজটি শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘এটা আমাদের গড়াই ফিল্মসের প্রথম আন্তর্জাতিক কাজ। মুক্তিযুদ্ধের সময় দেশের বিপদেপড়া মানুষদের সাহায্য করার জন্যই জ্যাঁ কুয়ে বিমান ছিনতাই করেছিলেন। যদিও অফিসারদের চালাকির কারণে তিনি আটকা পড়েছিলেন সেদিন। কিন্তু ঠিকই তার শর্ত মেনে ২০ টন ওষুধ বাংলাদেশে এসেছিল। আশা করছি বাংলাদেশের এই পরম বন্ধুকে নিয়ে নির্মিত সিনেমার কাজ ভালোভাবেই সম্পন্ন করতে পারব।’
