আনন্দ বিনোদন প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজা উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন দেশের নন্দিত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। বাংলাদেশের প্রেক্ষাপটে এত বিগ বাজেটে পূজার গান এটিই প্রথম। গানের শিরোনাম ‘জয় জয় দুর্গা মায়ের জয়’। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মূল ভাবনা, সার্বিক তত্ত্বাবধায়ক, শিল্পী নির্বাচন এবং প্রযোজনাও করেছেন বিপ্লব সাহা। বেশ কয়েক বছর ধরেই তাকে গানেও পাওয়া যাচ্ছে নিয়মিত। ইতোমধ্যে দেশের অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গে তিনি গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘জয় জয় দুর্গা মায়ের জয়’ গানটি লিখেছেন সঞ্জীবন চক্রবর্ত্তী ও উজ্জ্বল সিনহা এবং সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন কল্পলোকের ব্যানারে উজ্জ্বল রহমান। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করছেন ঢাকা ললিতকলা একাডেমির সাইফুল ইসলাম। গানে গহনা স্পন্সর করেছে এ্যরাবিয়ান জুয়েলার্স। ‘জয় জয় দুর্গা মায়ের জয়’ গানের মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করছেন শতাধিক শিল্পী। এ গানে বিপ্লব সাহার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। এ গান প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘পূজার যে আনন্দ, এ গানে সেই আনন্দই খুঁজে পাবেন শ্রোতা-দর্শক। উজ্জ্বল সিনহা ভালো সুর করেছেন। হৈমন্তী, কর্ণিয়া ও স্বপ্নীল যথেষ্ট আন্তরিকতা নিয়ে গেয়েছেন। খুব কঠিন একটি গান আমরা উজ্জ্বল দা’র সহযোগিতায় সহজে গাইতে পেরেছি।’ হৈমন্তী বলেন, ‘এর আগেও বিপ্লব দাদার পরিকল্পনায় জামাইষষ্ঠীর গান গেয়েছি। জয় জয় দুর্গা মায়ের জয় গানটি সব মিলিয়ে খুবই ভালো হয়েছে। আশা করছি, গানটি পূজাতে সবাই বেশ উপভোগ করবেন।’ গানটি দুর্গাপূজা উপলক্ষে খুব শিগগিরই বিশ্বরঙ’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
