আনন্দ বিনোদন প্রতিবেদক
রিয়েলিট শো সেরা নাচিয়ে’তে (২০১৬) প্রথম রানার্স আপ হয়ে পেশাগতভাবে মিডিয়াতে কাজ শুরু করেন মুন্সীগঞ্জের মেয়ে সিনথিয়া ইয়াসমিন নূপুর। এর আগে বেশকিছু নাটকে অভিনয় করলেও এবারই প্রথম একসঙ্গে দুটি ওয়েব সিরিজের কাজ করেছেন তিনি। প্রথম ওয়েব সিরিজটি হলো শাহীন সুমনের ‘মাফিয়া’ এবং দ্বিতীয়টি হলো তানিম পারভেজের ‘অরা’। ‘মাফিয়া’য় সিনথিয়া অভিনয় করেছেন শ্যামল মাওলার বিপরীতে এবং ‘অরা’য় তিনি অভিনয় করেছেন জ্যোত্স্না চরিত্রে। ‘অরা’ একটি ভৌতিক গল্পের ওয়েব সিরিজ। যেহেতু সিনথিয়া মূলত একজন নাচের শিল্পী। তাই নাচকে ঘিরেই তার স্বপ্ন বেশি। মূলত তাকে ঘিরেই এই ওয়েব সিরিজের গল্প এগিয়ে যায়।
সিনথিয়া বলেন, ‘নাচে আমার আদর্শ আমাদের দেশে মডেলিং জগতের কিংবতদন্তী শ্রদ্ধেয় সাদিয়া ইসলাম মৌ আপা। তিনিই আমার সকল কাজের অনুপ্রেরণা। আমি তার মতোই আমার জীবনটা গড়ে তুলতে চাই। তবে আমি ড্যান্স কোরিওগ্রাফিতে বিশেষভাবে মনোযোগ দিতে চাই। একজন শিল্পী হিসেবেই নিজেকে আজীবন নিবেদিত রাখতে চাই। এরইমধ্যে দুটি ওয়েব সিরিজে কাজ করেছি। দুটিতেই আমি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আমি ওয়েব সিরিজগুলো নিয়ে খুবই আশাবাদী। আমি ধন্যবাদ জানাই এই দুটি ওয়েব সিরিজের পরিচালককে আমাকে চমত্কার দুটি চরিত্রে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ সিনথিয়া অভিনীত প্রথম নাটক সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রূপার পাখি’। সম্প্রতি একই পরিচালকের নির্দেশনায় শেষ হলো দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘দ্য ডিরেক্টর’। এছাড়াও তিনি মান্নান হীরা, নাজনীন চুমকি, গোলাম সোহরাব দোদুল, আরিফ রহমানসহ কয়েকজন পরিচালকের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন। সিনেমাতে কাজ করার আগ্রহ রয়েছে সিনথিয়ার। তবে সে ক্ষেত্রে গল্প এবং চরিত্র পছন্দ হওয়াটা জরুরি।
