শিবচরে শিশু হত্যার দায়ে যুবক গ্রেফতার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচরে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে রতন মোল্লা (৮) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা এবং সোহান (৯) নামের অন্য এক শিশুকে হত্যাচেষ্টা করেছে মো. মেহেদী হাসান কায়েস (১৮) নামের এক যুবক। এক শিশুকে হত্যা ও আরেক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে কায়েসকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কাদিরপুর ইউনিয়নের চরকান্দি এলাকার আনসু ব্যাপারীর নাতি কায়েস।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে রতন ও সোহান নামে দুই শিশুকে ফুঁসলিয়ে শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়ন পদ্মা সেতুর সংযোগ সড়কের কাছে নিয়ে যান মেহেদী। এর পর সোহানকে খাবার আনার কথা বলে দূরে রেখে রতনকে রাস্তার ধারে একটি গাছের নিচে নিয়ে যান। সেখানে রতনের কোমরে থাকা প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। কিছুক্ষণ পরে সোহানকে নিয়ে কায়েস কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন বালুর মাঠে নিয়ে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে হত্যার চেষ্টা চালান। এ সময় সোহান চিত্কার করলে কায়েস পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সোহানকে উদ্ধার করে কাঁঠালবাড়ী এলাকায় তার নানাবাড়িতে নিয়ে যায়। পরে তার আত্মীয়স্বজনরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিত্সা শেষে শিবচর থানায় নিয়ে যান। সোহানের দেওয়া তথ্যমতে রাত সাড়ে ১০টার দিকে সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ওসি মো. মিরাজ হোসেনসহ পুলিশের একটি টিম কায়েসকে তার নানাবাড়ি এলাকা থেকে আটক করে।