বিশেষ প্রতিনিধি
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ‘৮ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বগুড়ায় অবস্থিত মাঝিরা সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ লে. বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে ‘কর্নেল র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও সাঁজোয়া কোরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাঁজোয়া ইউনিটসমূহের প্রতিনিধিগণ এবং বগুড়া এরিয়ার বিভিন্ন পদবির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ৪১তম বাত্সরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। তিনি সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়ক এবং অন্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং সাঁজোয়া কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশেবিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।
