ইত্তেফাক রিপোর্ট
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। তার নাম নাহিদ হাসান। গত মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, নাহিদ হাসান ও তার সহযোগীরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ছাড়া অনলাইনে নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে সংগঠনের পক্ষে সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিলেন তারা। গ্রেফতারকৃত নাহিদ হাসান উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে দলীয় লোকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ সাধারণ মানুষকে তাদের কার্যক্রমে যুক্ত করতেন। সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড চ্যাট গ্রুপ খুলে অন্য সহযোগীদের সঙ্গে যোগাযোগ ও আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
