কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রায় আড়াই বছর ধরে বন্ধ থাকা খলাপাড়া এলাকার ন্যাশনাল জুট মিলে হানা দিয়ে মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে দেশীয় অস্ত্রসহ হানা দেয় মুখোশ পরা একদল দুর্বৃত্ত। এ সময় তারা নৈশপ্রহরীদের বেঁধে মারধর করে নিয়ে যায় সংরক্ষিত ইলেকট্রিক ক্যাবল, ববিন ক্যারিয়া ও পুরাতন লোহা। গতকাল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন মিলের তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম মল্লিক।
জানা যায়, ঘটনার রাতে দুর্বৃত্তরা দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মিলে কর্তব্যরত নৈশপ্রহরী ফরিদ, দেলোয়ার, ইব্রাহীম, নজরুল ও ইলেকট্রিশিয়ান মোতালেবকে তারা বেঁধে রেখে বিভিন্ন মালামাল লুটে পালিয়ে যায়। তাদের বাধা দেওয়ায় ফরিদ ও দেলোয়ারকে পিটিয়ে আহত করা হয়া। আহত দুই জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে কালীগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করেছেন। থানার ওসি মো. আনিসুর রহমান জানান, ঘটনার কথা শুনেছেন, তবে লিখিত অভিযোগ পাননি। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
