ধামরাইয়ে স্কুলের পুরোনো টিন বিক্রয়কাণ্ডে তোলপাড়

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে টেন্ডার ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ঘরের টিন বিক্রির ঘটনা ফাঁস হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিও পালন করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম এবং ম্যানেজিং কমিটির সদস্যদের যোগসাজশে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন নাহার ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

জানা যায়, অনিয়ম করে টিন বিক্রয়কারীরা তাদের অপকর্ম ঢাকতে অর্থাত্ তদন্ত কমিটিকে ফাঁকি দিতে এলাকার বিভিন্ন ভাঙারির দোকান থেকে পুরাতন টিন কিনে ৬৫ পিস টিন আগের জায়গায় রেখে দেন, যদিও তারা এত টিন বিক্রি করেননি। এ ঘটনায় নতুন করে আরেক ঝামেলা সৃষ্টি হয়েছে। কারণ তারা যে পরিমাণ টিন বিক্রি করেছেন তদন্ত কমিটি পেয়েছে তার চেয়ে বেশি। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে অতিরিক্ত টিন এলো কোত্থেকে? উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজমুন নাহার বলেন, ছবিতে যে পরিমাণ টিন দেখা গেছে তদন্ত কমিটি বাস্তবে তার চেয়ে বেশি টিন পেয়েছে বলে জানিয়েছেন। জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া হবে বলে জানান তিনি।