মহামারি থেকে ঘুরে দাঁড়াতে প্রয়োজন আধুনিক দৃষ্টিভঙ্গি ------- রাদওয়ান সিদ্দিক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:২০

মহামারির ধকল সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, আর এই সময়টাতেই আগের ধারণা আর অনুমানগুলো নতুন করে যাচাই করে দেখতে নীতি নির্ধারকদের কাছে পরামর্শ রেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। তার ভাষায়, ‘আমরা যা জেনেছি, তা কতটা সঠিক, তা যাচাই করার এখনই সময়।’ বাসস।

ত্রৈমাসিক ম্যাগাজিন ‘হোয়াইট বোর্ড’-এর পঞ্চম সংখ্যায় ‘ইটস টাইম টু চ্যালেঞ্জ হোয়াট উই নো’ শীর্ষক সম্পাদকীয়তে এ পরামর্শ রেখেছেন আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। তিনিই সিআরআই প্রকাশিত এ সাময়িকীর প্রধান সম্পাদক।

শুক্রবার প্রকাশিত ‘হোয়াইট বোর্ডের’ পঞ্চম সংখ্যার সম্পাদকীয়তে তিনি লিখেছেন, বাংলাদেশের গল্পটা যথেষ্টই জটিল, এ গল্পে বহু স্তর, চরিত্ররাও বৈচিত্র্যে ভরপুর। এ গল্পের বিকাশ যেভাবে এগিয়েছে, সেটাও চমকপ্রদ। সবগুলো অংশ মিলিয়ে সমন্বিতভাবেই উন্নয়নের এ গল্প অনুধাবন করতে হবে, যদিও স্বীকৃতি পাওয়ার যোগ্য সবগুলো খাত সবসময় সেভাবে  শিরোনামে আসে না। বৈশ্বিক মহামারির ধাক্কা সামলে বাংলাদেশ যেহেতু ঘুরে দাঁড়ানোর পর্যায়ে রয়েছে, নীতি নির্ধারকদের আগের ধারণা আর অনুমানগুলো নিয়ে নতুন করে ভাবা দরকার। কোন বিষয়গুলো আর কারা বাংলাদেশকে স্পন্দিত করে, সেদিকে আরো বিশদ নজর দেওয়া দরকার।

হোয়াইট বোর্ডে পঞ্চম সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে এসেছে বাংলাদেশের কৃষি বিপ্লব। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পরও কৃষির গুরুত্ব কেন কমেনি, এই লেখায় তা তুলে ধরেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

হোয়াইট বোর্ডের সাম্প্রতিক সংখ্যাটি নিজের ফেসবুক পেইজে শেয়ার করেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক। তিনি লিখেছেন, বিশ্বব্যাপী এই মহামারি দেখিয়ে দিয়েছে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটি দেশের নেতৃত্বকে দ্রুত পরিস্থিতি বুঝে নিতে পারঙ্গম হতে হয়। পরিস্থিতি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি, বিশদ বিশ্লেষণ এবং সঠিক ও বিস্তারিত তথ্যও জরুরি।

এর আগে গত জুনে প্রকাশিত চতুর্থ সংখ্যায় মধ্যম আয়ের রাষ্ট্রে রূপান্তরের পথে থাকা বাংলাদেশের সাফল্য ও অগ্রগতির গল্পে ‘বাংলাদেশ মিরাকল’-এর বদলে ‘বাংলাদেশ মডেল’-এ মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক।

লন্ডন স্কুল অব ইকনোমিক্সের গ্র্যাজুয়েট রাদওয়ান মুজিব দেশের তরুণদের জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছেন। তারই উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে ভিত্তি করে গ্রাফিক নভেল মুজিব প্রকাশ করে আসছে সিআরআই।