টানা দুই দিন শনাক্তের হার ৫ শতাংশের নিচে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:২২

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৩৬ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৩৭৬ জনের মধ্যে। গত এক দিনে সারা দেশে ২৮ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৬৯ শতাংশ ছিল। দেশে সাড়ে ছয় মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার মঙ্গলবার ৫ শতাংশের নিচে নেমে আসে। এ নিয়ে টানা দুই দিন ৫ শতাংশের নিচে রয়েছে শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩১৩ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬২ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৯৪৮ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। সরকারি হিসাবে গত এক দিনে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৪২৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে উঠলেন।