আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরের একটি তল্লাশি চৌকিতে তালেবানের গাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিন জন তালেবানের নিরাপত্তারক্ষী এবং দুই জন বেসামরিক ব্যক্তি। তালেবানের এক কর্মকর্তা এ হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
নানগারহার প্রদেশটিকে কয়েক বছর ধরেই আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। গত সপ্তাহেও সেখানকার প্রাদেশিক রাজধানীতে তালেবান সদস্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। বুধবারের ঘটনায় রিকশায় করে একটি তল্লাশি চৌকিতে গিয়ে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।
