বন্দরে দুই সন্তানের জননীকে অ্যাসিড নিক্ষেপ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৭

বন্দরে পলি রানী বর্মণ নামে এক গৃহবধূকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে পাষণ্ড স্বামী ও তার প্রেমিকা। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে বন্দর থানায় ভুক্তভোগী বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তরা হচ্ছে, একরামপুর ইস্পাহানী এলাকার রাজন চন্দ্র বর্মণ এবং একই এলাকার শীলা রানী বর্মণ। মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর পূর্বে পলি রানী বর্মণের (২৫) সঙ্গে রাজন চন্দ্র বর্মণের (৩৪) বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে শীলা রানী বর্মণ নামে এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়ায় রাজন। এরপর থেকেই বাদীকে হত্যার হুমকি দিত সে। গত ১৯ সেপ্টেম্বর রাতে পলির গায়ে অ্যাসিড ঢেলে দেয় রাজন। এতে পলির শরীর পুড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আসমা আক্তার বলেন, এ ঘটনায় আসামিদের কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।