জাতীয় জাদুঘরের টিকিট অনলাইনে, বিড়ম্বনা বেড়েছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার পর ক্রমে সবকিছু স্বাভাবিক হচ্ছে। খুলেছে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরও। মহামারির কারণে প্রতিদিন ৬০০ দর্শনার্থীকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ দিচ্ছে সরকার। টিকিটও কাটতে হচ্ছে অনলাইনে। সংক্রমণ কিছুটা কমে এলে ২৩ আগস্ট থেকে খুলে দেওয়া হয় জাদুঘর। জাতীয় জাদুঘরের সচিব (যুগ্মসচিব) গাজী মো. ওয়ালি-উল-হক বলেন, জাতীয় জাদুঘর ও এর নিয়ন্ত্রণাধীন সাতটি শাখা জাদুঘর দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ১ হাজার জন জাদুঘর পরিদর্শনের সুযোগ পাচ্ছেন। তবে টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনে। জাতীয় জাদুঘরে এসে সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহের কোনো সুযোগ নেই। তিনি বলেন, কেউ চাইলে অগ্রিমও টিকিট কিনতে পারছেন। এক দিনে ৬০০ জনের বেশি টিকিট কিনলে অতিরিক্তগুলো স্বয়ংক্রিয়ভাবে পরের দিন চলে যাবে। অনলাইনেও আমরা ভালো সাড়া পাচ্ছি। জাতীয় জাদুঘরের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় জাদুঘরের ক্ষেত্রে http://nationalmuscumticket.gov.bd/ ও আহসান মঞ্জিল জাদুঘরের ক্ষেত্রে www.ahsanmanzilticket.gov.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে হবে। অন্যান্য শাখা জাদুঘরের জন্য স্বাস্থ্যবিধি মেনে সরাসরি টিকিট সংগ্রহ করে জাদুঘর পরিদর্শন করা যাবে। তবে স্বাধীনতা জাদুঘরের ওয়েবসাইটের www.independencemuseumticket.gov.bd/ ছাড়াও সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে। জাতীয় জাদুঘর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিদর্শন করা যায়। সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার। টিকিটের দাম বয়স্ক ২০ টাকা ও শিশু ১০ টাকা।

তবে দর্শকরা জানান, নতুন এই নির্দেশনার ভোগান্তিও আছে। গত বছর কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করলেও বিষয়টি এখনো সবার নজরে আসেনি। আর তাই অনেককে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে আরো প্রচারণা চালাতে হবে।